কিশোরগঞ্জের কটিয়াদীতে জনবসতিপূর্ণ এলাকায় একটি অবৈধ সিসা কারখানা চালুর প্রতিবাদ ও তা স্থায়ীভাবে বন্ধের দাবিতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ সিসা কারখানাটি চালুর খবরে প্রথমে এলাকাবাসী প্রতিবাদ মিছিল শুরু করেন। মুহূর্তের মধ্যে সেই মিছিল জনসমুদ্রে রূপ নেয় এবং বিক্ষুব্ধ জনতা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে কিছু বিক্ষুব্ধ জনতা কারখানাটির বাইরে শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে মালিকপক্ষকে সতর্ক করেন।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জরুরি ভিত্তিতে প্রায় ২০ সদস্যের পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন। প্রায় দুই ঘণ্টার আলোচনা শেষে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নেভানো হয় এবং অনির্দিষ্টকালের জন্য অবৈধ সিসা কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, সরকারি বিধিমালা ও যথাযথ অনুমোদন না থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে এই সিসা কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় সিসা কারখানা পুনরায় চালু হলে তা এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় কারখানাটি যেন ভবিষ্যতে আর চালু করা না হয়, সেজন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্টাফ রিপোর্টার 


















