শেরপুরে অসহায় বৃদ্ধ সজু শেখ ও তার অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের দুর্দশার খবর পেয়ে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সরাসরি উদ্যোগে অসুস্থ নুরজাহান বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই দম্পতির বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সজু শেখ ও নুরজাহান বেগমের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অসুস্থ নুরজাহান বেগমের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জেলা প্রশাসকের উদ্যোগে তাকে শেরপুরের আবেদীন হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি দম্পতির অন্যান্য প্রয়োজন ও সমস্যার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসনের এমন সহমর্মী ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

খন্দকার আব্দুল আলীম, শেরপুর জেলা প্রতিনিধি 




















