আসন্ন নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে বাড়ছে জল্পনা-কল্পনা ও নির্বাচনী তৎপরতা। এরই ধারাবাহিকতায় পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সদস্য এবং পূর্বধলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে পূর্বধলা উপজেলার রাজপথের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জাতীয়তাবাদী আদর্শের এই ত্যাগী নেতা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও হাট-বাজারে সাধারণ মানুষের সাথে নিয়মিত মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ খেটে খাওয়া মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় এলাকায় তার একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে।
নিজের প্রার্থিতা ও লক্ষ্য সম্পর্কে মোহাম্মদ আলী বলেন,
“আমি অবহেলিত পূর্বধলা উপজেলাবাসীর অধিকার আদায় এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। উপজেলা পরিষদকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি করাই আমার মূল লক্ষ্য। দল ও সাধারণ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আশা করি, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”
এদিকে নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ আলীর কর্মী-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক ও সাংগঠনিক দক্ষতার কারণে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেত্রকোনা)বিশেষ প্রতিনিধি 

















