কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ নবী হোসেন (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৩৪/৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক নবী হোসেন উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-এ-এর বাসিন্দা মো. কাসেমের ছেলে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ওঁৎ পাতে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে সাইদুল বাশারের ঘেরের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে হাতে গামছায় মোড়ানো পোটলা নিয়ে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়।
পরে বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো পাঁচটি নীল রঙের কার্টন থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই যুবক জানান, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তা বহন করছিলেন।এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এই চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

স্টাফ রিপোর্টার 


















