সাতক্ষীরার কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে এক আত্মীয়র জানাজায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মোস্তাকিন নামের ছয় বছরের এক শিশু। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার তালতলা হাটখোলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত মোস্তাকিন কালিকাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় ভ্যানে থাকা শিশুটির বাবা-মা এবং ভ্যানচালক আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোস্তাকিন তার বাবা-মায়ের সঙ্গে কোমরপুরে নানাবাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে এক আত্মীয়র মৃত্যুসংবাদ পেয়ে সেখানে যাচ্ছিল। পথিমধ্যে তালতলা হাটখোলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সগোরে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্টাফ রিপোর্টার 



















