খুলনা মহানগরীতে অবৈধ অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও নগরীর যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং অনুমতিহীন অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কেসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা দল ও কেএমপির ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে নগরীর বেশ কয়েকটি পয়েন্টে এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় ব্যাটারিচালিত ও রেজিস্ট্রেশনহীন অবৈধ অটোরিকশা আটক করার পাশাপাশি আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এ ধরনের ধারাবাহিক অভিযানের মাধ্যমে নগরীর যানজট অনেকাংশে হ্রাস পাবে এবং সড়কে স্বাভাবিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। নগরবাসীকে স্বস্তি দিতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্টাফ রিপোর্টার 





















