জনসাধারণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি গ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থীরা চিকিৎসা সহায়তা, আর্থিক অসচ্ছলতা, শিক্ষা, বাসস্থান, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, ভূমি-সংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন নাগরিক সেবা নিয়ে তাঁদের আবেদন ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এদিনের গণশুনানিতে মোট ১৯২ জন সেবাপ্রার্থী তাঁদের সমস্যা ও আবেদন উপস্থাপন করেন। তাঁদের মধ্যে ১৬৬ জনকে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া দুজনকে হুইলচেয়ার কেনার জন্য এবং দুজনকে ওষুধ কেনার জন্য সহায়তা প্রদান করা হয়।
অন্য সেবাপ্রার্থীদের উত্থাপিত সমস্যাগুলোর যথাযথ সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাঁদের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। পাশাপাশি আবেদনের ধরন ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জনসাধারণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের সমস্যা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকারের উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে জেলা প্রশাসন, শেরপুরের এ গণশুনানি কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্টাফ রিপোর্টার 





















