খুলনার ভৈরব নদে ট্রলার ও ফেরির সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়ার আট দিন পর রাকিব খান (২৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
গত বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) খবর পেয়ে নিহতের বাড়িতে যান জেলা প্রশাসক। সেখানে তিনি রাকিবের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাকিবের পরিবারের হাতে তাৎক্ষণিক নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এর আগে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের শিয়ালীডাঙ্গা এলাকার পশুর নদীর পূর্বপাড় থেকে ভাসমান অবস্থায় রাকিব খানের মরদেহ উদ্ধার করে রূপসা নৌ পুলিশ।
নিহত রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজীগ্রামের মৃত বাকের খানের ছেলে।দীর্ঘ আট দিন ধরে নিখোঁজ থাকার পর মরদেহ ফিরে পাওয়ায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে। এই সংকটময় মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে দাঁড়ানোয় সামান্য হলেও স্বস্তি পেয়েছে পরিবারটি।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের প্রতি সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা ও আইনি সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 


















