গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে এক পিকআপের হেলপার নিহত হয়েছেন।আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবীর পিকআপের হেলপার ছিলেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি খালি পিকআপ বিজয়পাশা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের হেলপার প্রবীর নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্টাফ রিপোর্টার 



















