চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৫৬ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য (সিজার মূল্য) ৯১ হাজার ৪০০ টাকা।
গত শনিবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের একটি পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ২ মিলিলিটারের ৪৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদকের অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 


















