শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
আজ শনিবার (২৩ অক্টোবর) ঝিনাইগাতী উপজেলার জামতলা কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।আটক ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) ও একই গ্রামের কালো গাজীর ছেলে মিষ্টার আলী (৩৬)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত মোট পাঁচজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে আটক দুজন ছাড়াও আরও তিনজন পলাতক রয়েছেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক তৎপরতা ও নজরদারি অব্যাহত থাকবে।

খন্দকার আব্দুল আলীম, শেরপুর জেলা প্রতিনিধি 


















