রোববার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর আওতাধীন কাঁঠালডাঙ্গী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২৫৩ বোতল ফেনসিডিল এবং ১৪৪ বোতল এস্কাফ সিরাপ।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিজিবির টহল দলটি সীমান্তের গেরুয়াডাঙ্গী এলাকায় তল্লাশি চালায়। এ সময় আন্তর্জাতিক সীমানা পিলার ৩৭০-এর আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো পাওয়া যায়। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ফেনসিডিল ও এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। উদ্ধার করা এসব মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হবে বলে জানিয়েছে বিজিবি।

স্টাফ রিপোর্টার 


















