ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আখ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা সদর উপজেলার চিলারং এলাকায় স্থানীয় আখচাষি ফয়েজ উদ্দিনের জমিতে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ করে এই কার্যক্রমের সূচনা করা হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ রাজশাহী সুগার মিলস থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
রোপণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর। সভায় প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন বিএসএফআইসির কেন্দ্রীয় টেকনিক্যাল সার্ভিস (টিএস) প্রধান কৃষিবিদ মঞ্জুরুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) মো. তাজুরুল ইসলাম, ব্যবস্থাপক (পরিচালন প্রকৌশল) হাসনাত হাবিব, কেন্দ্রীয় আখচাষি সমিতির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ইউনুস আলী, বিএসএফআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ খাঁন রতন এবং আখচাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় চাষিরা।
মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান জানান, মাঝখানে কিছুদিন কৃষকরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিলেও এখন সরকার নির্ধারিত ভালো দামের কারণে আবারও তারা উত্সাহের সঙ্গে আখ চাষে ফিরে আসছেন। ফলে এ অঞ্চলে আখ রোপণের পরিমাণ দিন দিন বাড়ছে।
চলতি মৌসুমে মিল জোন এলাকায় মোট ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ১ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬ দশমিক ৩০ শতাংশ আহরণ হারে ৬ হাজার ৩০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে।
সরকার মিল গেটে ২০২৬-২৭ মৌসুমে প্রতি কুইন্টাল আখের দাম ৬২৫ টাকা এবং প্রতি মণ আখের দাম ২৬০ টাকা নির্ধারণ করেছে।সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর জানান, মিল জোন এলাকার ৫৭টি কেন্দ্রের মোট ৯৬টি ইউনিটে একযোগে আখ রোপণ শুরু হয়েছে। গত মৌসুমে পারফরম্যান্সের দিক থেকে সারা দেশের চালু চিনিকলগুলোর মধ্যে ঠাকুরগাঁও সুগার মিলস দ্বিতীয় স্থানে ছিল। চাষিদের সার্বিক সহযোগিতায় চলতি মৌসুমে আরও ভালো ফলাফলের আশা প্রকাশ করেন তিনি।

স্টাফ রিপোর্টার 
















