নীলফামারীর ডোমারে পৃথক দুটি ঘটনায় এক রাজমিস্ত্রি ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন ও কাজিরহাট এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামে নিজ বাড়ির গোয়ালঘর থেকে সুমন রায় (২১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাবলু রায়ের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। সুমন ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং গত ৭ সেপ্টেম্বর তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন। ঘটনার দিন পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন। সকালে প্রতিবেশীরা গোয়ালঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (আনুমানিক মধ্যবয়সী) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সৈয়দপুর থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়া চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে কাজিরহাট বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার 


















