দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী মো. মাসুদ পারভেজকে (২৮) হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত মাসুদ পারভেজ বীরগঞ্জ পৌরসভার মাকড়াই এলাকার সুরুজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ মাকড়াই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচা ও সেবনকালে মাসুদ পারভেজকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশি নিরাপত্তায় (এস্কর্ট) দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 



















