নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে বসতঘরের খাটের নিচ থেকে ৩০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ নয়ন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টা ১৫ মিনিটে দুর্গাপুর থানাধীন নাজিরপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকলেঙ্গুরা গ্রামের মোঃ নয়ন মিয়ার বসতঘরে ভারতীয় তৈরি অবৈধ মদ রয়েছে।
সংবাদ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই (নিঃ) মোঃ মহিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগে রাখা ভারতীয় তৈরি ৩০ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে—
ICE VODKA 375 ml: ২৪ বোতল, আনুমানিক মূল্য ৪৩ হাজার ২০০ টাকা।
ROYAL STAG 750 ml: ২ বোতল, আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
BLENDED PRIDE: ৪ বোতল, আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
উদ্ধার করা মদের সর্বমোট আনুমানিক মূল্য ৬১ হাজার ২০০ টাকা। পরে জব্দ তালিকামূলে মদগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার মোঃ নয়ন মিয়া (৩২) দুর্গাপুর থানাধীন চকলেঙ্গুরা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 




















