নওগাঁর পোরশা উপজেলায় প্রায় ২০ কেজি ওজনের একটি প্রাচীন কষ্টিপাথর সদৃশ হিন্দু ধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য অন্তত ১০ লাখ টাকা।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামের ‘কুজা পুকুর’ এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদামাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি মূর্তি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি পোরশা থানার অফিসার ইনচার্জকে (ওসি) মুঠোফোনে জানান। সংবাদ পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা-পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে কাদামাটির নিচে থাকা কষ্টিপাথর সদৃশ দেবতার মূর্তিটি উদ্ধারপূর্বক জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা প্রায় ২৫ ইঞ্চি এবং প্রস্থ ১১ ইঞ্চি। এর মোট ওজন ১৯ কেজি ৮০০ গ্রাম।ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত মূল্যবান মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার 


















