শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের দুই কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোররাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় রোহান ও ইসমাইল। দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, নিহত দুই কিশোর মাঝেমধ্যে স্থানীয় নদী ও জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা সাঁতার ভালোভাবে জানত না। নিখোঁজের পর থেকেই স্বজনদের আশঙ্কা ছিল, হয়তো মাছ ধরতে গিয়েই দুজন পানিতে তলিয়ে গেছে।
অবশেষে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সোমবার ভোররাতে নাকশী বড় পুকুরে দুই কিশোরের মরদেহ ভেসে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ মর্মান্তিক ঘটনায় দুই কিশোরের পরিবার ও পুরো মধ্য নাকশী এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান মরদেহ উদ্ধার হয়েছে এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

খন্দকার আব্দুল আলীম জেলা প্রতিনিধি শেরপুর 



















