শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
গত রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার চারজনকে শেরপুর আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে জসিম (৩০), জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের লাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার ইতি (৩২), জামালপুরের দিগপাইত এলাকার চাঁন মিয়ার ছেলে শামীম (৩০) এবং শ্রীবরদী উপজেলার হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। অভিযানে চার মাদক কারবারিকে আটক করে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলা প্রতিনিধি শেরপুর 


















