শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত শুক্রবার (১৪ আগস্ট) ভোর রাতে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ গণমাধ্যমকে জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, গারো পাহাড়সংলগ্ন সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা প্রতিনিধি শেরপুর 


















