গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। ওই মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের আগের নাম পুনর্বহাল এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবি জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে হঠাৎ একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিজিটাল রিপোর্ট 



















