আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (৩১ আগস্ট ২০২৬) নেত্রকোণা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উৎসবের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “আসন্ন শুভ জন্মাষ্টমী যেন সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেন, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো স্বার্থান্বেষী বা অশুভ গোষ্ঠী যেন গুজব ছড়িয়ে কিংবা উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক অনলাইন নজরদারি জোরদার করা হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 












