জেলা প্রশাসন, নেত্রকোণার উদ্যোগে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চালু হওয়া ‘ওয়ান ইনস্টিটিউশন, ফোর ক্লাবস’ (One Institution, 4 Clubs) কার্যক্রমের সাপ্তাহিক মনিটরিং ও পরিদর্শন সম্পন্ন হয়েছে।
গত বুধবার (২ সেপ্টেম্বর) নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা কালেক্টরেট স্কুল এবং নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালিত ক্লাবগুলোর কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা, তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং মাদক, জুয়া ও সন্ত্রাসসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মূলত চারটি ক্লাব সক্রিয় রয়েছে। এগুলো হলো—ডিবেট ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক ক্লাব ও স্পোর্টস ক্লাব।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের ক্লাবভিত্তিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি জ্ঞানার্জন, সৃজনশীলতা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু ভালো শিক্ষার্থী হিসেবে নয়, বরং সুস্থ, দক্ষ, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ‘One Institution, 4 Clubs’ কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 




















