তরুণ-তরুণীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ও বায়দুর রহমান, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায়, প্রকল্পের ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আরিফুল ইসলাম এবং জেলা কর্মকর্তা সুজন শাহিনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
এছাড়া স্থানীয় ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের মেন্টর ও সাড়ে চার শতাধিক সুবিধাভোগী তরুণ উদ্যোক্তা সভায় অংশ নেন।সভায় বক্তারা বলেন, তরুণদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে আর্থিক সেবা, সঠিক প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও বাজারের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা অপরিহার্য। প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা পেলে তরুণরা শুধু নিজেদের কর্মসংস্থানই সৃষ্টি করবে না, বরং স্থানীয় ও জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রকল্পের আওতায় উপজেলার সাড় চারশো তরুণ উদ্যোক্তাকে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ তৈরি, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। সমাপনী অধিবেশনে প্রকল্পের অর্জিত সাফল্য, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। একই সঙ্গে কয়েকজন সফল উদ্যোক্তা তাঁদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন।

স্টাফ রিপোর্টার 


















