দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে ৩ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। পাবনা বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পাবনার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব তানবীর আহমেদ মহোদয় এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহাঙ্গীর হোসেন মহোদয়। এ সময় জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আদালত প্রাঙ্গণের আশপাশে একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহোদয় এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দ্যেশে পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করে আগামী তিন মাস নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়।
সবশেষে, বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পাবনা পৌরসভার সহযোগিতায় ফগার মেশিনের মাধ্যমে আদালত প্রাঙ্গণে মশা নিধনের লক্ষ্যে ধোঁয়া ও কীটনাশক ছিটানো হয়। এ কর্মসূচির মাধ্যমে আদালত প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গুর ঝুঁকি হ্রাস এবং বিচার বিভাগে স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়।

মো: আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি। 


















