নেত্রকোণার পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং পূর্বধলা এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সৌজন্যে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, পূর্বধলা রাবেয়া আলী মহিলা কলেজের অধ্যক্ষ আবু রায়হান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের প্রতিনিধি।
এ ছাড়া উপস্থিত ছিলেন আব্রাহাম লিংকন, জাতীয়তাবাদী যুবদল পূর্বধলা উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান: কেবিএম নোমান শাহরিয়ার, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন সবুজ সেবা যুব ফাউন্ডেশন, মুক্তি ফাউন্ডেশন, স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি এবং পূর্বধলা ইয়ুথ ফোরামের প্রতিনিধিরা। এ সময় সফল আত্মকর্মী হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন আক্তার ও তমাল হাসান তন্ময়।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণ ও কর্মমুখী উদ্যোগের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান।এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা)বিশেষ প্রতিনিধি 



















