নেত্রকোনার পূর্বধলা উপজেলার মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি মা-বাবার প্রতি দায়িত্ব-কর্তব্য পালন, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠন এবং বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ের শিক্ষকরা তাঁদের অভিমত ব্যক্ত করে বলেন, উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা সম্ভব হলে শিক্ষার্থী ও অভিভাবক—উভয় পক্ষই বিশেষভাবে উপকৃত হবেন।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 

















