“আল্লাহ আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে বিপদে আছি”—৮০ বছর বয়সী সাজু শেখের এমন হৃদয়বিদারক আকুতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তাঁর পাশে দাঁড়ানো হয়েছে। অসুস্থ ও অসহায় ৭০ বছর বয়সী স্ত্রী নুরজাহানকে কোলে নিয়ে বৃদ্ধ স্বামীর করা ওই আকুতির ভিডিওটি শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নজরে আসে।
এরই প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধ সাজু শেখ ও তাঁর স্ত্রী নুরজাহানের হাতে জরুরি খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হঠাৎ বাড়িতে উপস্থিত হয়ে পাশে দাঁড়ানোয় আবেগাপ্লুত হয়ে পড়েন অসহায় এই দম্পতি।
তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে এই দম্পতি যেন আর খাদ্য সংকটে না পড়েন, সে বিষয়েও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়মিত খাদ্য সহায়তার প্রয়োজন হলে বৃদ্ধ দম্পতির ছেলে নুর ইসলামকে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও যে অনেক সময় প্রান্তিক ও অসহায় মানুষের জীবনে আশার আলো বয়ে আনতে পারে, সাজু শেখ ও নুরজাহানের এই ঘটনায় তারই প্রমাণ মিলল। অসহায় মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















