ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগর এলাকায় অবস্থিত শ্রীশ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রৌপ্য অলংকার, ছয়টি মূর্তি এবং ভক্তদের প্রণামির বাক্সের টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।আজ সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান।
পরবর্তীতে মন্দির পরিচালনা কমিটিকে বিষয়টি জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে আখাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতের কোনো এক সময়ে মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। পরে মন্দিরে থাকা মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায় তারা। চুরি হওয়া ছয়টি মূর্তির মধ্যে কয়েকটি পিতলের মূর্তিও রয়েছে। এ ছাড়া মন্দিরের দুটি দানবাক্সের তালা ভেঙে টাকা নিয়ে যাওয়া হয়েছে। মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বাক্সগুলোতে প্রায় ছয় মাসের প্রণামির জমানো টাকা ছিল।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সকালে চুরির খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। ওই পাশের কিছু মেরামতকাজের জন্য সিসিটিভি ক্যামেরা সাময়িকভাবে খোলা ছিল বলেও জানান তিনি।
মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী বলেন, সকালে নিয়মিত পূজা দিতে মন্দিরে এসে চুরির বিষয়টি দেখতে পান তিনি। পরে সংশ্লিষ্টদের খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে এই চুরির ঘটনা ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে চুরি হওয়া স্বর্ণ ও রৌপ্য অলংকারের প্রকৃত পরিমাণ এবং প্রণামির বাক্স থেকে ঠিক কত টাকা লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মন্দির-সংশ্লিষ্ট ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা

স্টাফ রিপোর্টার 



















