ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট জালিয়াতি ও কালোবাজারির অভিযোগে মো. রিপন মিয়া ওরফে কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৮৩টি আসনের বিপরীতে ৪০টি টিকিট উদ্ধার করা হয়।
পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক রিপন টিকিটের নাম ও তারিখ পরিবর্তন করে একই টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করে আসছিলেন। একটি টিকিট ১০ থেকে ১২ জন যাত্রীর কাছে বিক্রি করার মতো গুরুতর প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনাকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।রেলওয়ে স্টেশনে টিকিট জালিয়াতি ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত বজায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসন।

স্টাফ রিপোর্টার 



















