ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের চেকপোস্টে থামার সংকেত পেয়ে পালানোর সময় পুকুরে মাইক্রোবাস ফেলে পালিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। পরে ওই মাইক্রোবাস থেকে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।গত শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট বসায় কসবা থানা-পুলিশের একটি দল। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দেওয়া হয়। তবে সংকেত উপেক্ষা করে মাইক্রোবাসটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।একপর্যায়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি পুকুরে ফেলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে পুলিশ পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে তল্লাশি চালায়।তল্লাশির সময় মাইক্রোবাসের ভেতর থেকে নয়টি বস্তা পাওয়া যায়। এসব বস্তায় মোট ২৫২ কেজি গাঁজা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

স্টাফ রিপোর্টার 



















