মেট্রোরেল স্টেশন এলাকা এবং ট্রেনের অভ্যন্তরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গিত বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জারি করা এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, এখন থেকে অনুমতি ব্যতীত মেট্রোরেলের স্থাপনায় যেকোনো ধরনের চিত্রধারণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
ডিএমটিসিএল তাদের বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কেউ যদি এসব কর্মকাণ্ড পরিচালনা করেন, তবে তাঁর বিরুদ্ধে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক সময়ে মেট্রোরেলের ভেতর ও স্টেশনে টিকটক বা রিলসের মতো ভিডিও তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন সময় অস্বস্তি ও অভিযোগের কথা শোনা গেছে।
কর্তৃপক্ষের এই নতুন পদক্ষেপের ফলে সাধারণ যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে এবং প্ল্যাটফরমগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। ডিএমটিসিএল এই নির্দেশনার সঠিক বাস্তবায়নে স্টেশনগুলোতে নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তাকর্মীদের বিশেষ নির্দেশনা প্রদান করেছে।

ডিজিটাল ডেস্ক 











