কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। সীমান্ত পথে ভারত থেকে পাচার করে এনে ঢাকার উদ্দেশ্যে এসব তেল নিয়ে যাওয়া হচ্ছিল।
গত শনিবার (২১ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করেন সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুটপেট্রোল চলাকালে কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে নসিমনটি দুটি সাদা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব অলিভ অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
ওসি এম আর সাঈদ জানান, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং জব্দকৃত মালামালের মালিকানা নির্ধারণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত মালামাল সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে থানায় জমা রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে নিয়মিত চেকপোস্ট বসানো ও ফুটপেট্রোল পরিচালনা করা হচ্ছে। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া এবং চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 


















