“খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নারী বিভাগে কোতোয়ালি থানা দল ও নান্দাইল থানা দল এবং পুরুষ বিভাগে ফুলবাড়ীয়া থানা দল ও ফুলপুর থানা দল অংশ নেয়। খেলা শেষে নারী বিভাগে কোতোয়ালি থানা দল এবং পুরুষ বিভাগে ফুলপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও মেডেল বিতরণ করা হয়।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুলিশ সদস্য, খেলোয়াড় ও স্থানীয় দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।তিনি খেলাধুলায় সম্প্রীতি, কমিউনিটি পুলিশিংয়ে আস্থা এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

ময়মনসিংহ প্রতিনিধি 


















