শেরপুরে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১১ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর), শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং আমন্ত্রিত সাংবাদিকরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সরকারি সেবার মানোন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের লক্ষ্যে সভায় উপস্থিত অংশীজনেরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্টাফ রিপোর্টার 


















