কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতসোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে জেলে ছদ্মবেশে তিন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা একটি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ড্রামটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী ১৪টি কাটের মধ্যে সুকৌশলে রাখা মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে আশপাশের এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে আর কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে সীমান্ত সংলগ্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও অন্ধকার ও প্রতিকূল পরিবেশের কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি ওই এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম দমনে দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে।

স্টাফ রিপোর্টার 



















