কক্সবাজারের উখিয়ায় নদীপথে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ মেহেদী হাসান জুনায়েদ (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলুবনিয়া কামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মেহেদী হাসান জুনায়েদ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের সৈয়দ আমিনের ছেলে।বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল উলুবনিয়া কামালের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে ব্যাগ হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করা হলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের চারটি কার্টনে সুকৌশলে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছে যে, সে টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে মাদক পাচারকারী ও চোরাচালানের সাথে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

স্টাফ রিপোর্টার 


















