নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সমাজ-পানুর সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদেরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯) এবং উপজেলার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩)।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনকালে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, সাজাপ্রাপ্ত তিন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

হারাধন সূত্রধন: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 


















