যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পাঁচভূলাট সীমান্তে এ সফল অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত বিদেশী পিস্তলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ টাকা এবং ম্যাগাজিনের মূল্য ৫ হাজার টাকা। সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা।
বিজিবি কর্মকর্তা আরও জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্টাফ রিপোর্টার 


















