মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি ইতোমধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। শিগগিরই দেশের গ্যাস সংকটেরও নিরসন হবে বলে আশা প্রকাশ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিল্প ও কলকারখানাগুলো যাতে পর্যাপ্ত জ্বালানি পায়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
পরিবেশ রক্ষার এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
দেশের চলমান জ্বালানি সংকট প্রসঙ্গেও রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে সৃষ্টি হয়নি; এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। বিশেষ করে শিল্পকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এলএনজি আমদানির বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডিজিটাল রিপোর্ট 





















