নরসিংদীর শিবপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টে মামলা, অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিবেশ অধিদপ্তর ও শিবপুর থানা পুলিশের প্রসিকিউশনে শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি অভিযান চালানো হয়। অভিযানে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’-এর বিধি ৮(১) লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার করায় দুটি মামলা দায়েরের মাধ্যমে মোট ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়। তবে এই ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযান চলাকালে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জন্য সহনীয় পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউর রহমান।
অন্যদিকে, একই দিনে উপজেলার পুটিয়া ইউনিয়নের অরুণ শাহর মাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শিবপুর থানা পুলিশের সহযোগিতায় অপর একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারায় বর্ণিত অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এক ব্যক্তিকে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং ২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পারিবারিক সামাজিক মর্যাদার বিষয়টি বিবেচনা করে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান জানান, জনশৃঙ্খলা রক্ষা, শব্দদূষণ রোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ এবং এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে শিবপুর উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 
























