বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া দীর্ঘ ২৮ বছরের চলাচলের পথ অবশেষে খুলে দিয়েছে উপজেলা প্রশাসন।গতকাল সোমবার (২৬ অক্টোবর) বিকেলে আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লার সরকারি হাসপাতালের পূর্ব পাশে সরেজমিনে পরিদর্শন করে পথটি উন্মুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম এবং সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। এতে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা স্থানীয় প্রায় ৪০টি পরিবারের দুর্ভোগের অবসান ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ভোরে বিরোধীয় স্থানে থাকা কয়েকটি গাছকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল হাকিমের ছেলেরা জিআই তারের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেন। এর আগে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক জায়গাটি পরিমাপ করে রাস্তার স্থান নির্ধারণের পাশাপাশি গাছ অপসারণের নির্দেশ দিয়েছিলেন। স্থানীয়রা গাছ কাটার জন্য সময় চাইলেও কোনো সমাধান না করে একপর্যায়ে কাঁটাতারের বেড়া দিয়ে সম্পূর্ণ পথটি অবরুদ্ধ করা হয়।
ভোগান্তির শিকার অধিবাসীরা গত ২ সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দিলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠান। এরপর সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সোমবার বিকেলে প্রশাসনের উপস্থিতিতে কাঁটাতারের বেড়া সরিয়ে জনসাধারণের চলাচলের পথ মুক্ত করা হয়।
দীর্ঘদিনের চলাচলের পথ ফিরে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তাঁরা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম জানান, জনস্বার্থ ও স্থানীয় ৪০টি পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে অবরুদ্ধ পথটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দ্রুতই রাস্তাটির পূর্ণাঙ্গ পরিমাপ সম্পন্ন করে পথচারীদের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় সংস্কারকাজ করা হবে।

স্টাফ রিপোর্টার 



















