নদীর পানিতে ডুবে যাওয়া আট বছরের এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৪ বছরের কিশোরী লামিয়া আক্তার। লামিয়া ও তার জমজ বোন সামিয়া আক্তার মিলে শিশুটিকে জীবিত উদ্ধার করতে পারলেও নিজে পানিতে তলিয়ে যান লামিয়া। নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে দৈনিক জাতীয় অর্থনীতিকে করেন।
গত শুক্রবার (২৮ আগস্ট) শেরপুরের নকলা উপজেলার চরমধুয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। লামিয়া ও সামিয়া চরমধুয়া গ্রামের সেলিম রেজার জমজ কন্যা।স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়া ও সামিয়া নদীতে গোসল করতে গিয়ে সিজদা নামের এক শিশুকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। দুই বোন মিলে শিশু সিজদাকে উদ্ধার করতে পারলেও লামিয়া নিজেই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর লামিয়ার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় তার জমজ বোন সামিয়া অক্ষতভাবে প্রাণে বেঁচে ফিরেছেন।
নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য একটি শিশুর প্রাণ রক্ষা করতে গিয়ে লামিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার এই আত্মত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করে স্তব্ধ ও শোকাহত স্থানীয় বাসিন্দারা।ওসি বলেন, নদী থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, পুলিশ সেখানে গিয়েছিল। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুর প্রতিনিধি 


















