শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল।
অভিযান চলাকালে সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মদগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো ব্যক্তি আটক হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেরপুর জেলা প্রতিনিধি 


















