র্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান, মাদক পাচার ও বেআইনি অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি বজায় রেখেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় ১ বিজিবি-র অধীনস্থ প্রেমতলী বিওপির একটি নিয়মিত টহল দল গোপন সূত্রে খবর পায় যে, গোদাগাড়ী থানাধীন ফরাদপুর এলাকার একটি মেহগনি বাগান দিয়ে চোরাচালানের একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হবে।
সংবাদ পাওয়া মাত্রই বিজিবির টহল দলটি তাৎক্ষণিকভাবে উক্ত মেহগনি বাগানে অবস্থান নিয়ে ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় অপেক্ষার পর টহল দল দেখতে পায়, এক চোরাকারবারি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে আটকের উদ্দেশ্যে ধাওয়া করলে উক্ত চোরাকারবারি সঙ্গে থাকা একটি পলিথিনের প্যাকেট ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল পরিত্যক্ত পলিথিনের প্যাকেটটি তল্লাশি করে ভেতরে থাকা ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার ও জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার 




















