শেরপুরের শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও একটি অটোভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন চান্দাপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও অটোভ্যানটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং একটি অটোভ্যান জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, জব্দকৃত প্রসাধনী সামগ্রী ও অটোভ্যানের আনুমানিক সিজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

শেরপুর প্রতিনিধি 



















