সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্বাধীন ট্রাস্কফোর্সের বিশেষ অভিযানে একটি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত ২৬৮৩ পিস উন্নতমানের শাড়ির আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
গত সোমবার (৩১ আগস্ট) ভোররাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি ও কাভার্ডভ্যান জব্দ করা হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ এলাকায় বিজিবি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত ট্রাস্কফোর্স এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে মোট ২৬৮৩ পিস বিভিন্ন প্রকার উচ্চমূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
২৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় রাজস্ব রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। উদ্ধারকৃত অবৈধ শাড়ি ও যানবাহন সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।

স্টাফ রিপোর্টার 

















