সুনামগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন নামের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে মৌলভীবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের সন্তান। তিনি এলাকায় একজন নিবেদিতপ্রাণ রক্তযোদ্ধা ও মানবিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন; এলাকার মানুষের রক্তের প্রয়োজনে তিনি দিন-রাত স্বেচ্ছায় পাশে ছুটে বেড়াতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন উজ্জ্বল। পথিমধ্যে সুনামগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উজ্জ্বল হোসেনের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষের বিপদে-আপদে তাঁর নিয়মিত ছুটে চলার স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করছেন।

স্টাফ রিপোর্টার 



















