পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক মসজিদে টানা দীর্ঘ ৪০ বছর ইমামতি করার পর এক অনন্য ও রাজকীয় বিদায় পেলেন মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম। ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে এবং মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর দর্জিপাড়া জামে মসজিদে এই আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধ্যাহ্নভোজের পর তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তোলা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক গ্রামবাসী ও মুসল্লিকে এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ বলেন, হুজুর দীর্ঘ ৪০ বছর আমাদের খেদমত করেছেন। তার প্রাপ্য সম্মান দিতেই আমরা এই ক্ষুদ্র আয়োজন করেছি।
বিদায়ী খতিব মাওলানা আব্দুস সালাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই দায়িত্ব পালন করেছি। আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। আমার কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
অনুষ্ঠানে উত্তর দর্জিপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন, শিশু স্বর্গের পরিচালক কবির আহমেদ আকন্দ এবং মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিজিটাল রিপোর্ট 

















