গোপালগঞ্জের সংরক্ষিত নারী আসনের নবনিযুক্ত মাননীয় সংসদ সদস্য শ্রীমতি সুবর্ণা রানী ঠাকুর আজ বুধবার সকালে তাঁর নিজ বাসভবন ঐতিহাসিক শ্রীধাম ওড়াকান্দিতে শুভ আগমন করেছেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক আগমন।
গত ৭মে বুধবার সকাল ১০ ঘটিকায় তিনি ওড়াকান্দি পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁকে পুষ্পমাল্য অর্পণ করে উষ্ণ সংবর্ধনা জানান। প্রিয় নেত্রীকে কাছে পেয়ে ওড়াকান্দি সমগ্র এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
শ্রীধাম ওড়াকান্দিতে পৌঁছে তিনি প্রথমে ঠাকুরবাড়ির পবিত্র মন্দির দর্শন ও প্রণাম নিবেদন করেন। এরপর তিনি উপস্থিত সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সুবর্ণা রানী ঠাকুর বলেন, “এই মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব। ওড়াকান্দিসহ গোপালগঞ্জের মানুষের সেবা ও উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।”
সংসদ সদস্যের আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দিত। স্থানীয় এক প্রবীণ ব্যক্তি জানান, “আমাদের এলাকার সন্তান আজ সংসদ সদস্য হয়ে আমাদের মাঝে এসেছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা আশাবাদী তাঁর নেতৃত্বে এই অঞ্চলের নারীদের উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।”

স্টাফ রিপোর্টার 


















